সিলেটে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মহানগরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে এসএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত:
কামাল খানঃ অদ্য ১৮/০৮/২০২৬ খ্রিষ্টাব্দ, বিকাল ১৫.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে সিলেট মহানগরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ সিলেট মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁদের মতামত ও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। বিশেষ করে মাদক বিক্রেতা, মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ, অবৈধ স্ট্যান্ড ও পার্কিং উচ্ছেদ, হকার নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পুলিশ কমিশনার মহোদয় নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে এবং নগরবাসীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর থাকবে। তিনি আরও বলেন, পুলিশ, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নগরবাসীর সমন্বিত সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য মহানগর গড়ে তোলা সম্ভব।
সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, সিলেট মহানগর, আমার বাংলাদেশ পার্টি, খেলাফত মজলিস সিলেট মহানগর, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ লেবার পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখা, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি , গণঅধিকার পরিষদ এবং অন্যান্য রাজনৈতিক দলের মহানগরের নেতৃবৃন্দসহ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।