জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়ন ও উন্নয়ন নিয়ে মন্ত্রীর সঙ্গে আবুল হাসিমের সাক্ষাৎ
মুক্তাদির আল সেলিম জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পৌরসভা দ্রুত বাস্তবায়ন, এলাকার সার্বিক উন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জৈন্তাপুর উপজেলার কৃতী সন্তান ও সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এ সাক্ষাতে আবুল হাসিম জৈন্তাপুর উপজেলার বর্তমান পরিস্থিতি, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা এবং সম্ভাব্য উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এ সময় জৈন্তাপুর পৌরসভা দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
সাক্ষাৎকালে আবুল হাসিম জৈন্তাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তাঁর আগ্রহের কথাও মন্ত্রীকে অবহিত করেন। আলোচনায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়নসহ এলাকার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানান আবুল হাসিম। তিনি বলেন, জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সাক্ষাৎ শেষে আবুল হাসিম বলেন, জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণে তিনি ভবিষ্যতেও কাজ করে যেতে চান। পাশাপাশি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও ফলপ্রসূ আলোচনায় সন্তোষ প্রকাশ করে আবুল হাসিম বলেন, জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়ন হলে এলাকার নাগরিক সেবা, অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।