জাফলংয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী নাহিদ হাসান এখন ‘ফ্যামিলি কার্ড’ তথ্য সংগ্রহকারী!
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাটে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহকারী হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা নাহিদ হাসানের নাম প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে প্রকাশিত তথ্য সংগ্রহকারীদের তালিকায় ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ গ্রামের নাহিদ হাসানের নাম রয়েছে বলে জানা গেছে। তাঁর বাবার নাম জালাল উদ্দীন।
এদিকে ২০২৪ সালের ১৮ জুলাই জাফলংয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে ছাত্র-জনতার ওপর চালানো হামলার সময় নাহিদ হাসান উপস্থিত ছিলেন—এমন দাবি করে তার বেশ কিছু স্পষ্ট ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিও বর্তমানে ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।
জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের পর নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা কোনো ব্যক্তিকে সরকারি কর্মসূচির তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।
স্থানীয় সচেতন মহলের দাবি, বিষয়টি যথাযথভাবে যাচাই-বাছাই করে দেখা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারি কর্মসূচিতে এমন বিতর্কিত নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।