মধ্য জাফলংয়ে মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে মাদকবিরোধী ঐক্য পরিষদের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাত ৭টায় রাধানগর বাজারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয় এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
মাদকবিরোধী ঐক্য পরিষদের আহ্বায়ক ফাহিম মোনায়েম বলেন, “মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। মাদক নির্মূলে শুধু প্রশাসনের উদ্যোগই নয়, পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আমরা একটি নিরাপদ ও মাদকমুক্ত গোয়াইনঘাট গড়তে সকলের সহযোগিতা কামনা করছি।”
মাদকবিরোধী ঐক্য পরিষদের আহ্বায়ক ফাহিম মোনায়েমের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাকিব আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রুবেল, সংগঠক আহসান উল্লাহ, মাহবোবুর রহমান, রোমান আহমেদ, আবু সুফিয়ান ও ফয়জুর রহমান, মুখপাত্র মাহাদি হাসান মাহফুজ, সদস্য ফজলুর রহমান নাবিলসহ এলাকার সচেতন নাগরিকবৃন্দ। কর্মসূচি বাস্তবায়নে প্রবাসী মুস্তাফিজুর রহমান কাউসার সর্বাত্মক সহযোগিতা করেন।
মাদকবিরোধী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান, মাদকমুক্ত গোয়াইনঘাট গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।