সিলেটে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদসহ গ্রেফতার ২, পলাতক ১
স্টাফ রিপোর্টারঃ সিলেটের শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ৮৮২ বোতল (৪৫০.১১৫ লিটার) বিদেশী মদ উদ্ধার করা হয়।
বুধবার (২৯ জুলাই) মধ্যরাতে শাহপরাণ থানাধীন বালুচর নতুন বাজার সংলগ্ন এলাকায় র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— সিলেট জেলার শাহপরাণ থানার উত্তর বালুচর এলাকার ইনরুস আলীর ছেলে আবু শিতাব (৪০) এবং একই এলাকার মোঃ ফিরুজ মিয়ার ছেলে মোঃ মহর আলী (২৪)।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, বালুচর নতুন বাজার এলাকার একটি বাড়িতে কতিপয় ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে বিদেশী মদ মজুত করে অবস্থান করছে। রাত আনুমানিক ১২:৪৫ ঘটিকায় র্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুজনকে আটক করা সম্ভব হয়। অন্য এক ব্যক্তি অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ির নিচতলার একটি স্টোররুমে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ব্যাগে সংরক্ষিত রয়্যাল গ্রিন, ব্লেন্ডার্স প্রাইড, সিগনেচার, আইকনিক হোয়াইট, ওল্ড মঙ্ক, ম্যাজিক মোমেন্টস এবং কিংফিশার বিয়ারসহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের মোট ৮৮২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়, যার পরিমাণ ৪৫০.১১৫ লিটার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধ উপায়ে বিদেশী মদ সংগ্রহ করে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে কেনাবেচা করে আসছিল।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে পলাতক আসামিকে গ্রেফতার এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে র্যাব-৯