সিলেটের শাহপরাণে র্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান: ১০ পরিবহনকে জরিমানা
স্টাফ রিপোর্টারঃ সিলেটের শাহপরাণ এলাকায় হাইড্রোলিক হর্ন ব্যবহার ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সঠিক না থাকার দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা করেছে র্যাব-৯ এবং পরিবেশ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টা ১০ মিনিট থেকে বেলা ৩টা ১০ মিনিট পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রঃ) থানা এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে কতিপয় যানবাহনে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দের হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছিল। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এই অপরাধ ঠেকাতে র্যাব-৯ সদর কোম্পানী ও সিলেট জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ আভিযানিক কার্যক্রম চালায়।
অভিযানকালে হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অন্যান্য আইনি ত্রুটি পাওয়ায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা এবং পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১০টি যানবাহনের মালিককে সর্বমোট ৫,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
র্যাব-৯ এর দায়িত্বশীল কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জন্য একটি বাসযোগ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তাদের এই ধরনের গোয়েন্দা নজরদারি ও জনস্বার্থমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।