শাহপরাণে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযান: ১২৭৪ প্যাকেট নকল সিগারেট জব্দ, জরিমানা ৫০ হাজার
স্টাফ রিপোর্টারঃ সিলেটের শাহপরাণে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) ও জেলা প্রশাসন। এ সময় নকল সিগারেট অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির দায়ে এক দোকানমালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (২ আগস্ট) বিকেল ৩টা থেকে সাড়াটা
পর্যন্ত শাহপরাণ (রঃ) থানাধীন খাদিমনগর এলাকার শাহপরাণ গেট সংলগ্ন ‘বালাজি স্টোর’ নামক একটি মুদির দোকানে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, সিলেট এবং জেলা প্রশাসন, সিলেটের একটি যৌথ দল এ অভিযান চালায়। অভিযানে ওই দোকান থেকে আনুমানিক ১ লাখ ১ হাজার ৯২০ টাকা মূল্যমানের সর্বমোট ১ হাজার ২৭৪ প্যাকেট নকল সিগারেট জব্দ করা হয়।
পরবর্তীতে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী নকল সিগারেট মজুদ ও বিক্রির অপরাধে দোকানের মালিক বকুল দেবনাথকে (৬৯) ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
র্যাব-৯ জানিয়েছে, ভোক্তা অধিকার রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।