মাধবপুরে কিশোরী অপহরণের প্রধান আসামি শাহপরাণে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার করেছে র্যাব-৯
স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুর থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার এবং অপহরণের প্রধান আসামি আরাফাত ইসলাম শুভ ওরফে রমজান মিয়াকে (২০) সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গত মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় সিলেট মহানগরীর শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আরাফাত ইসলাম শুভ হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের নূর ইসলামের ছেলে।
র্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধবপুরের তেলিয়াপাড়া এলাকার ওই কিশোরীকে বেশ কিছুদিন ধরে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল আরাফাত ইসলাম শুভ ও তার সহযোগী ফারুক মিয়া। এ নিয়ে দুই পরিবারের মধ্যে সমঝোতার চেষ্টা হলেও অভিযুক্তদের উত্যক্তকরণ বন্ধ হয়নি।
এরই জেরে গত ৪ জুন সকাল ৮টার দিকে প্রাইভেট পড়তে বের হলে শাহাজাহানপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন জজ মিয়ার মার্কেটের সামনে থেকে কিশোরীকে সিএনজিযোগে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-২৮) দায়ের করেন।
মামলা দায়েরের পর র্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ আগস্ট বিকেল ৫টা ১০ মিনিটের দিকে র্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) ও সিপিএসসি সিলেটের যৌথ টিম সিলেট নগরীর মুরাদপুরে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও প্রধান আসামিকে গ্রেপ্তার করে।
উদ্ধারকৃত কিশোরী ও গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব-৯।