১০ কেজি গাঁজাসহ সিলেটে র্যাবের হাতে গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী
সিলেট নগরের আম্বরখানা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে র্যাব-৯-এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ জামির হোসেন (১৯) ও নোয়াগাঁও গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে আবুল হাশেম (৬৬); ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার ছাবরতলা গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে উসমান (৬০) এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার বগাইয়া গ্রামের মোঃ ছেনু মিয়ার ছেলে জুবাইদ আহমদ (১৬)।
র্যাব জানায়, সকালে মাজার গেইট এলাকায়
অবস্থানকালে র্যাবের আভিযানিক দল খবর পায় যে, আম্বরখানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে র্যাব ঘটনাস্থলে পৌঁছালে পালানোর চেষ্টাকালে ওই ৪ জনকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা দুটি স্কুল ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে সিলেটের এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯-এর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।