জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।
মুক্তাদির আল সেলিম ,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টায় নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
চলতি অর্থ বছরে নিজপাট ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের বিশেষ অনুদানে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্পের আওতায় ইউনিয়নের বিভিন্ন সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
“জলবায়ু পরিবর্তন রোধ করি, টেকসই ভবিষ্যৎ গড়ি”, “একটি গাছ একটি প্রাণ, একটি সবুজ ভবিষ্যৎ” এবং “বৃক্ষ লাগাই, পরিবেশ বাঁচাই; সবুজ পৃথিবী, নিরাপদ আগামী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।
এর মধ্যে রয়েছে সারীঘাট উচ্চ বিদ্যালয়, ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রি কলেজ এবং জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়। কর্মসূচির আওতায় নিজপাট ইউনিয়নে অন্তত ১০ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুনন্দা রায় বলেন, “পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
”এসময় উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী, ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুল্লাহ, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাসুক আহমদ, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সদস্য মনসুর আহমদ, ফখরুল ইসলাম, সাইফুল ইসলাম, মামুনুর রশিদ, জৈন্তাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, জৈন্তাপুর রিপোর্টার ক্লাবের সভাপতি শাহেদুর রহমান, ছাত্রদল নেতা রফজল আহমদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। বৃক্ষরোপণ কর্মসূচিটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।