দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, কিশোর গ্যাং দমন, সীমান্ত সুরক্ষা এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট নিয়ন্ত্রণসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় দোয়ারাবাজারে মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কিশোর গ্যাংয়ের অপتৎপরতা যেকোনো মূল্যে বন্ধ করার তাগিদ দেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না উল্লেখ করে তিনি এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহের সভাপতিত্বে সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরুর বাজার নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, উপজেলার প্রতিটি পশুর হাটে ইজারাদারদের সরকার নির্ধারিত টোল তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখা বাধ্যতামূলক করতে হবে। কোনো হাটে ক্রেতা-বিক্রেতাদের হয়রানি বা অতিরিক্ত টোল আদায় করা হলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
একই সাথে সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাঁশতলা হকনগর এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও সেখানে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর পরিচালনা কমিটি গঠনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা ও চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ প্রশাসনের যৌথ তৎপরতা বাড়ানোর বিষয়েও সভায় একমত পোষণ করেন উপস্থিত সদস্যবৃন্দ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার এবং সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ।
এ ছাড়া সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিজিবি প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগণ এবং কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভার সমাপনী বক্তব্যে সভাপতি ও ইউএনও অরুপ রতন সিংহ বলেন, উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। একটি অপরাধমুক্ত ও শান্তিময় দোয়ারাবাজার গড়তে তিনি জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।