বিকৃত ভিডিও নিয়ে ক্ষোভ ঝাড়লেন পরীমনি, বললেন ‘শুধু সরি বললেই হবে না’
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে দুই তারকা অভিনেত্রীর বিকৃত ও আপত্তিকর ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওগুলো দেখেই ধারণা করা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে এগুলো তৈরি করা হয়েছে। পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের ইনস্টাগ্রাম পেজটি হ্যাক হয়েছিল। হ্যাকাররাই এসব ভিডিও প্রকাশ করেছে বলে দাবি করে কর্তৃপক্ষ।
সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।
ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছিল টেলিভিশন চ্যানেলটি। তবে শুধু ক্ষমা চাইলেই এ ধরনের ঘটনায় দায় এড়ানো যায় না বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভিডিওর শিকার অভিনেত্রী পরীমনি। তার দাবি, বিকৃত ভিডিওটি অনেক আগের হলেও এবার ওই চ্যানেলের পেজের মাধ্যমে তা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। তাই শুধু দুঃখপ্রকাশ করাই যথেষ্ট নয় বলে মনে করেন তিনি।
গতকাল রাতে ফেসবুক লাইভে এসে নিজের ক্ষোভ প্রকাশ করেন ‘স্বপ্নজাল’ সিনেমার অভিনেত্রী পরীমনি। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে একাংশের নেতিবাচক চর্চারও সমালোচনা করেন তিনি। ক্ষোভের মুখে কয়েকবার গালিগালাজও করেন এই অভিনেত্রী।
চ্যানেলটির বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে পরীমনি বলেন, ‘ওরা এত বড় ক্ষমতাধর একটা গণমাধ্যম, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না? এর বিপরীতে আপনি মোটেও বলতে পারেন না, পেজ হ্যাক হয়েছে। তাহলে আমিও বলি, আমার পেজ হ্যাক হয়েছে।’
নিন্দুকদের উদ্দেশে কটাক্ষ করে পরীমনি বলেন, ‘তোমরা যখন ভিডিওটি নিয়ে এত মাতামাতি করছিলে, তখন আমার ইচ্ছে হচ্ছিল একটি খোলামেলা ফটোশুট করে ফেলি।’
পরীমনির মতে, বিবেকবোধসম্পন্ন মানুষ ভিডিওটি দেখেও এড়িয়ে গেছেন। অন্যদিকে যাদের মানসিকতা নিচু, তারাই বিষয়টি নিয়ে নেতিবাচক চর্চা করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দিনশেষে ভিডিওটা আমিও দেখলাম, সবাই দেখল। দেখার পর যারা এড়িয়ে যাওয়ার দরকার, তারা এড়িয়ে গেছে। আর যারা এই ভিডিওকে নিজেদের জীবন, যৌবন, নিঃশ্বাস বানিয়ে ফেলেছে, তারা অনলাইনে এসেই এটা নিয়ে কথা বলছে। দেখা গেল, কেউ হজের পোস্ট করল, তার মন্তব্যের ঘরেও গিয়ে লিখেছে, পরীমনির লিংক আছে আমার কাছে। মানে, তার জীবনের অর্জন যেন এটুকুই। ভুয়া একটা জিনিস নিয়ে তোমার এই অবস্থা, আসল হলে কী করতে।’
ওই ফেসবুক লাইভে পরীমনি আরও অনেক কথা বলেন। তবে পরে নিজের পেজ থেকে লাইভটি মুছে ফেলেন তিনি। আজ সকালে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়ে তিনি লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’



