বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের শিক্ষা, চিকিৎসা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করে মূলধারায় সম্পৃক্ত করতে সরকার কাজ করছে – মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন
এমদাদুর রহমান চৌধুরী জিয়া: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন,বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের শিক্ষা, চিকিৎসা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করে মূলধারায় সম্পৃক্ত করতে সরকার কাজ করছে।
বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ সমাজের বোঝা নন; বরং যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ পেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার সঙ্গে বসবাস করছেন উল্লেখ করে তিনি অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের পরিবার এই সমাজে একা নয়; সরকার, সমাজ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সবসময় তাদের পাশে রয়েছে।
প্রধান অতিথি বলেন, অনেক অভিভাবকের মনে উদ্বেগ থাকে- “আমি যখন থাকব না, তখন আমার বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে কে দেখবে?” এ উদ্বেগ দূর করতে সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং সুসজ্জিত মোবাইল ভ্যানের মাধ্যমে থেরাপি ও পুনর্বাসন সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে
হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি হিউম্যান কেয়ারকে এ মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে পরিচালিত কার্যক্রমে প্রয়োজন হলে সরকার কারিগরি, আর্থিক ও আইনগত সহায়তা প্রদান করবে। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে এসে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
মন্ত্রী আজ (মঙ্গলবার) সিলেট নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে হিউম্যান কেয়ার সংগঠন আয়োজিত ‘স্পেশাল অ্যাবিলিটি সামিট- ২০২৬’ এ প্রধান অতিথির বক্তৃত উপরোক্ত কথাগুলো বলেন। এসময় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় সংসদ সদস্য এম এ মালিক ও অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক ডা. রাগীব আলী, মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহধর্মিনী ও হিউম্যান কেয়ার সংগঠনের উপদেষ্টা শামা হক চৌধুরী, সায়মা সুলতানা চৌধুরী লিনাসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।