সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক
এমদাদুর রহমান চৌধুরী জিয়া: সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়াতে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে দাবি করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ কাজে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আগ্রহ ও প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে নগরের শারদা স্মৃতি ভবন প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন ‘পাঠশালা’ আয়োজিত ‘পাঠশালায় বৈশাখ ১৪৩৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিষয় উপস্থাপন করেন তার বক্তব্যে।
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আরো বলেন, সিলেট সিটি কর্পোরেশন সর্বদা সাহিত্য ও সংস্কৃতি কর্মীদের পাশে থাকবে। সিলেটের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে সমন্বিতভাবে কাজ করতে চায় সিটি কর্পোরেশন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ শিশুদের পরোপকারী হয়ে ওঠার আহ্বান জানান।
তিনি চাঁপাইনবাবগঞ্জের সমাজসেবক জিয়াউল হকের উদাহরণ তুলে ধরে বলেন, সীমিত শিক্ষাজীবন থাকা সত্ত্বেও তিনি দুধ-দই বিক্রি করে সেই অর্থ দিয়ে বই কিনে মানুষের মাঝে বিতরণ করেছেন।
‘পাঠশালা’র পরিচালক নাজমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের কর্মী, শিশু ও কিশোররা অংশ নেয়। তারা নাটক, আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।