সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন:
কামাল খান :: আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ—বাঙালির সর্বজনীন লোকজ উৎসব। এ দিনটি আমাদের জাতিসত্তা, ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। নতুন বছরের আগমনে পুরোনো জীর্ণতা, গ্লানি ও ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন উদ্যম, আশা ও সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় এই উৎসব।
এরই ধারাবাহিকতায় আজ (১৪ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে “পহেলা বৈশাখ-১৪৩৩ বঙ্গাব্দ” বরণ উৎসব উদযাপন করা হয়।
সকাল ৯:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম মহোদয়, পুনাক সভানেত্রী জনাবা সিদরাতুল মুনতাহা মহোদয়াকে সঙ্গে নিয়ে এসএমপি পুলিশ লাইন্সে আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টলসমূহ পরিদর্শন করেন।
পরবর্তীতে তিনি পুলিশ লাইন্স মাঠে শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। কিছু সময় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে তিনি আমন্ত্রিত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ঐতিহ্যবাহী বাঙালি খাবার গ্রহণ করেন।
পুলিশ কমিশনার উপস্থিত সকলকে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা জানান। সাংস্কৃতিক অনুষ্ঠানে পুনাক শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় বৈশাখী গান, লোকজ সঙ্গীত, ছড়াগান, দেশাত্মবোধক ও আধুনিক গানসহ বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং উৎসবের আমেজকে আরও বর্ণিল করে তোলে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ এনামুল হক; অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ রিয়াজুল কবির পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ আফজাল হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) জনাব সাহাদত হোসেনসহ এসএমপি পুনাকের নেতৃবৃন্দ, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ও পুলিশ সদস্যবৃন্দ।
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ আয়োজনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনের পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ।