গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাদককে রুখে দাও, ভবিষ্যৎকে বাঁচাও—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাট-এর ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (২৫ জুলাই ২০২৬) বিকেল ৩টায় ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নের মাদকবিরোধী সচেতন নাগরিকদের সঙ্গে উপজেলা কমিটির এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তৃণমূল পর্যায়ে মাদকবিরোধী কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা অপরিহার্য।
মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাট উপজেলা কমিটির আহ্বায়ক ফাহিম মোনায়েম-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সাকিব আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা কমিটির মুখপাত্র মাহদি হাসান মাহফুজ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রুবেলসহ ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নের সদস্য ও সচেতন নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মাসরুরুল হক মারুফ, ডালিম আহমদ, মামুনুর রশীদ, নুরুল আহাদ সামি, রুমান আহমদ, শাফি আহমদ, আহসানুল হক, জামিল আহমদ ও আহমদ আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এ ব্যাধি থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিয়নে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।