সরকারি প্রকল্পের গাছ উধাও: মিঠামইনে অভিযুক্ত উপজেলা বিএনপি সভাপতি
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন প্রতিরোধে সরকারি উদ্যোগে রোপণ করা মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য থাকাকালীন সময় নদীভাঙন রোধে ওই বেরিবাঁধে ব্যাপকভাবে মেহগনি গাছ রোপণ করা হয়। দীর্ঘদিন ধরে গাছগুলো বাঁধ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিল বলে জানান এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, নিজের বাড়িতে যাতায়াতের সুবিধার্থে গত কয়েক মাস ধরে ধাপে ধাপে গাছ কাটা শুরু হয়। এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর থেকে প্রায় একশত গাছ কেটে নেওয়া হয়েছে। সর্বশেষ ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে একসঙ্গে প্রায় ২০টি গাছ কেটে স-মিলে পাঠিয়ে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, গাছ কাটতে বৈদ্যুতিক করাত ব্যবহার করা হয় এবং পরে গাছের গুঁড়ি দ্রুত সরিয়ে নেওয়া হয়। প্রতিটি গাছের আনুমানিক বাজারমূল্য ৩০ থেকে ৪০ হাজার টাকা বলে দাবি তাদের। সে হিসেবে কাটা গাছগুলোর আর্থিক মূল্য কয়েক লাখ টাকায় দাঁড়াতে পারে।
তবে অভিযুক্ত জাহিদুল আলম জাহাঙ্গীরের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে কাটা গাছগুলো জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।এদিকে এলাকাবাসীর দাবি, সরকারি সম্পদ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও গাছ কাটার আশঙ্কা রয়েছে।