সিলেটে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা শ্রমমন্ত্রীর সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা
কামাল খান :: সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপদেষ্টা হিসেবে যোগদান করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁর বক্তব্যে সিলেটের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। তিনি সীমান্ত এলাকায় মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনকে তাগিদ দেন এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে বিদেশগামী ও প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে নির্দেশ প্রদান করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মন্ত্রীর নির্দেশনাসমূহ বাস্তবায়নে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিবি, র্যাব এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।