সিলেটের কানাইঘাটের সুরাইঘাট বাজারে ভারতীয় পণ্য বোঝাই পিকআপের ধাক্কায় আহত ২
মোঃ মুমিনুল ইসলাম মনিয়া, কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী সুরইঘাট বাজারে ভারতীয় চোরাই পণ্যবোঝাই এক বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় দুইজন পথচারী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে সুরইঘাট বাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন—কানাইঘাট সদর ইউনিয়নের আগ্রীপাড়া গ্রামের মৃত মতসিন আলীর পুত্র ফারুক আহমদ (৬৫) এবং একই ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামের মৃত আমির আলীর পুত্র আম্বিয়া (৫০)। আহত ফারুক আহমদের দুই পা ভেঙে যাওয়ায় ও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত আম্বিয়াকে কানাইঘাটের মা-মনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়,মঙ্গলবার রাতে সুনারতনপুঞ্জি সীমান্ত দিয়ে বিজিবিকে ফাঁকি দিয়ে ভারতীয় জিরা বোঝাই একটি টাটা পিকআপ নিয়ে আসার চেষ্টা করে চোরাকারবারীরা। খবর পেয়ে সুরইঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা গাড়িটিকে ধাওয়া দেয়। বিজিবির তাড়া খেয়ে পিকআপটি বেপরোয়া গতিতে সুরইঘাট বাজার অতিক্রম করার সময় পথচারী ফারুক আহমদ ও আম্বিয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন।
পরবর্তীতে বাজারের লোকজনের সহায়তায় বিজিবি সদস্যরা পিকআপটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ফারুক আহমদের অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় জিরার চালানটির মালিক সুনারতনপুঞ্জি গ্রামের দেলোয়ার হোসেন, বাগরা গ্রামের সাজনসহ একটি চোরাকারবারী চক্র। আটককৃত পিকআপটির চালক ছিলেন ভাউরভাগ ৪র্থ খন্ড গ্রামের তুলি মিয়া, যিনি ঘটনার পরপরই পালিয়ে যান।
কানাইঘাট সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতরা তার ওয়ার্ডের বাসিন্দা এবং ফারুক আহমদ সুরইঘাট বাজারে দিনমজুরের কাজ করেন। সীমান্তে ভারতীয় চোরাই বাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই এসব দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
এ বিষয়ে সুরইঘাট বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভারতীয় জিরা ভর্তি পিকআপটি জব্দ করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে আহতদের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin