দোয়ারাবাজারে হত্যাচেষ্টা মামলার আসামি ফয়েজ গ্রেপ্তার
নুরুজ্জামান দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইন, সরকারি কাজে বাধা দান ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় ফয়েজ মিয়া ওরফে খয়েজ নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা-পুলিশের একটি চৌকস দল নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ফয়েজ মিয়া দোয়ারাবাজার থানার একটি মামলার (জি আর নং-১৮৩) পরোয়ানাভুক্ত এজাহারনামীয় আসামি। ওই মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি/২৫ডি ধারা এবং দণ্ডবিধির সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারা যুক্ত রয়েছে। মামলাটির তদন্ত শেষে চলতি বছরের ১২ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হলে বিজ্ঞ আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ ছাড়া, গত ৩১ জুলাই দোয়ারাবাজার থানায় রুজু হওয়া অন্য একটি মামলায়ও (জি আর নং-২০৬) তিনি এজাহারনামীয় অভিযুক্ত আসামি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, "গ্রেপ্তারকৃত ফয়েজ মিয়া একটি মামলায় আদালতের পরোয়ানাভুক্ত এবং অন্য আরেকটি মামলার এজাহারনামীয় আসামি। তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের আইনি প্রক্রিয়া চলছে।"
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin