দক্ষিণ সুরমায় ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মোজাহিদুল ইসলাম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে দক্ষিণ সুরমা থানার লালাবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মোজাহিদুল ইসলাম সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার থানুরা গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে।
র্যাব জানায়, র্যাব-৯ এর সিপিএসসির একটি আভিযানিক দল দক্ষিণ সুরমার কুশিয়ারা ফিলিং স্টেশন এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে—লালাবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে র্যাবের দলটি রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোজাহিদুলকে আটক করা হয়।
পরবর্তীতে তার সাথে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোজাহিদুল স্বীকার করেছে যে, সে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।
গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin