
কানাইঘাটে আজিজুর হত্যা: র্যাব-৯-এর অভিযানে গ্রেফতার ১
স্টাফ রিপোর্টারঃ সিলেটের কানাইঘাটে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা আজিজুর রহমান (মৃত্যুর পর দায়েরকৃত হত্যা মামলা) হত্যাকাণ্ডের প্রধান আসামিদের একজনকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামির নাম বিলাল আহমদ (৪০)। তিনি কানাইঘাট থানার আগফৌদ (নারায়নপুর) গ্রামের মৃত কুদরত উল্লাহর ছেলে এবং মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি।
রোববার (২ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে এসএমপির মোগলাবাজার থানাধীন জালালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, স্থানীয় অপকর্মের প্রতিবাদ করায় আসামিরা দীর্ঘদিন ধরে আজিজুর রহমানকে হত্যার হুমকি দিয়ে আসছিল। গত ১৭ জুলাই ২০২৬ তারিখে জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর ওত পেতে থাকা আসামিরা ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে চায়নিজ কুড়াল দিয়ে তলপেটে আঘাত করলে তাঁর নাড়িভুঁড়ি বের হয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ জুলাই সকাল ৭টা ৫০ মিনিটে আজিজুর রহমান মারা যান।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করলে আসামিদের ধরতে ছায়া তদন্ত শুরু করে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে গ্রেফতার হওয়া বিলাল আহমদকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যা মামলার অন্য আসামিদের গ্রেফতার করতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin