জৈন্তাপুরে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় মিথ্যা জিডি এবং হুমকি ও হত্যার ভয়ভীতি প্রদর্শন : ৩ জন নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন সাংবাদিক সাজু
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:সিলেটের জৈন্তাপুরে এক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সাধারণ ডায়েরি (জিডি) দায়ের, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, অপপ্রচারমূলক ও মানহানিকর অপপ্রচার চালানো এবং হুমকি-ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী সাংবাদিক মোঃ সাজ উদ্দিন সাজু জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি, সিলেট হিসেবে কর্মরত রয়েছেন। তিনি অভিযোগ করেন, উপজেলার জৈন্তাপুর পূর্ব বাজারস্থ ‘রশিদ কম্পিউটার’-এর স্বত্বাধিকারী আজির উদ্দিন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দ্রুত সংশোধনের নামে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে আসছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে গত মঙ্গলবার (১৬ জুন) লিখিত অভিযোগ পাওয়ার পর তিনি সাংবাদিকতার দায়িত্ববোধ থেকে তথ্য সংগ্রহ করে জনসচেতনতার লক্ষ্যে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট প্রকাশ করেন।
জানা গেছে, গ্রাহকদের লিখিত অভিযোগ এবং ওই পোস্টের সূত্র ধরে গত মঙ্গলবার (১৬ জুন) বিকেলে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানি দেবের নেতৃত্বে পুলিশসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এরপর একই দিন রাতে একটি কুচক্রী মহলের সহযোগিতায় রশিদ কম্পিউটারের স্বত্বাধিকারী আজির উদ্দিন সাংবাদিক মোঃ সাজ উদ্দিন সাজুর বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় একটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি জিডির কপি ও সাংবাদিকের ব্যক্তিগত ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর, অপপ্রচারমূলক ও মানহানিকর বিভিন্ন পোস্ট ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া অভিযুক্তরা সাংবাদিককে বিভিন্নভাবে হুমকি ও হত্যার ভয়ভীতি প্রদর্শন করছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রতিকার চেয়ে গত বুধবার (১৭ জুন) রাতে জৈন্তাপুর মডেল থানায় ৩ জন নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
সাংবাদিক মোঃ সাজ উদ্দিন সাজু বলেন, “আমি একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে জনস্বার্থে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করেছি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা জিডি দায়ের করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে আমার পেশাগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। আমি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়েছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে আশা করছি।”
তিনি আরও বলেন, “সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সত্য প্রকাশকে দমিয়ে রাখা যাবে না। আমি প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin