সন্তানদের শুধু ডাক্তার, প্রকৌশলী বা উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে গড়ে তুললেই হবে না; তাদের মানবিক, দায়িত্বশীল ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে---জুলিয়া যেসমিন মিলি
নিজস্ব প্রতিবেদন:: সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সিলেট নগরীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) মিলনায়তনে জেলা তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্যে কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি বলেন, একটি পরিবার শক্তিশালী হলে সমাজ ও রাষ্ট্র শক্তিশালী হয়। বর্তমান সরকার পরিবারকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রেখে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি বলেন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক এবং একটি উন্নত, মানবিক ও মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে পরিবারের ভূমিকা অপরিসীম।
তিনি আরও বলেন, সন্তানদের শুধু ডাক্তার, প্রকৌশলী বা উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে গড়ে তুললেই হবে না; তাদের মানবিক, দায়িত্বশীল ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পারিবারিক শিক্ষা, মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাবে শিশু-কিশোররা নানা ধরনের সামাজিক সমস্যার মুখোমুখি হয়। তাই পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা, মা-বাবার প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চা শুরু করতে হবে।
জুলিয়া যেসমিন মিলি বলেন, নারীর ক্ষমতায়ন ও পারিবারিক মর্যাদা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ফ্যামিলি কার্ড কর্মসূচি কেবল একটি সামাজিক নিরাপত্তা উদ্যোগ নয়, বরং পরিবার ও বিশেষ করে মায়েদের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একজন মা যখন মানসিক ও আর্থিকভাবে নিরাপদ থাকেন, তখন তিনি পরিবার পরিচালনা এবং সন্তানদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।
তিনি পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্মান ও দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান জানিয়ে বলেন, পরিবারের প্রতিটি সদস্যকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে মায়ের অবদানকে যথাযথ মূল্যায়ন করতে হবে। পরিবারে ভালোবাসা, সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ নিশ্চিত করা গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা আরও বেগবান হবে।
সিলেট জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতারের সভাপতিত্বে সমাবেশে পিটিআই সিলেটের সুপারিনটেনডেন্ট মো. আবুল কাশেম এবং সহকারী সুপারিনটেনডেন্ট তটিনী পাল কৃষ্ণা বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পিটিআই-এর প্রশিক্ষণার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin