জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা।
মুক্তাদির আর সেলিম, জৈন্তাপুর (সিলেট )প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক ফতেহখাঁ রোডের সম্মুখভাগে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় জনসাধারণের চলাচলে মারাত্মক দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে থাকায় সড়কটি যেন একপ্রকার মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে গর্ত থাকলেও তা সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সাম্প্রতিক ভারী বর্ষণে গর্তগুলো আরও বড় আকার ধারণ করেছে। ফলে পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী যানবাহনসহ সাধারণ যান চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
প্রতিদিন শত শত মানুষ এই সড়ক ব্যবহার করে উপজেলা সদর, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে যাতায়াত করেন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।অনেক সময় রিকশা, মোটরসাইকেল ও অটোরিকশা দুর্ঘটনার শিকার হচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃষ্টির সময় গর্তগুলো পানিতে ডুবে যাওয়ায় কোথায় গর্ত আর কোথায় রাস্তা তা বোঝা যায় না। এতে শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। জরুরি চিকিৎসাসেবা নিতে আসা রোগীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়ে বলেন, উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এই সড়কের এমন বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে চলতে পারে না। জনস্বার্থে দ্রুত গর্তগুলো ভরাট ও স্থায়ী সংস্কারের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্থানীয়দের আশা, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট বিভাগ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং ফতেহা রোডে নিরাপদ ও স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin