পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে - সিসিক প্রশাসক
নিজস্ব প্রতিবেদনঃ সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও সবুজ নগরী গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। সেই কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হলো। চলতি বছর সিটি কর্পোরেশন এলাকায় ৫০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে।
শনিবার (১৩ জুন) দুপুরে দক্ষিণ সুরমার এসফল্ট মাঠে প্রধানমন্ত্রী ঘোষিত সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। অতীতে নির্বিচারে বৃক্ষনিধনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। এই বাস্তবতা উপলব্ধি করে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশনের আয়তন তুলনামূলকভাবে সীমিত হলেও আমরা উপযুক্ত স্থান চিহ্নিত করে ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আজ যে এসফল্ট মাঠে কর্মসূচির উদ্বোধন করা হচ্ছে, এখানে প্রায় দুই হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। ভবিষ্যতেও নগরীর খালি ও উপযুক্ত স্থানগুলোতে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ অব্যাহত থাকবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, আমরা শুধু বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ করতে চাই না। নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্যবর্ধন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী নিশ্চিত করতে বৃক্ষ সংরক্ষণ ও পরিচর্যার বিষয়েও সমান গুরুত্ব দেওয়া হবে। গ্রিন অ্যান্ড ক্লিন সিটি গড়ার এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।
অনুষ্ঠানে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, নগরীর বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণের জন্য উপযুক্ত স্থান চিহ্নিত করার কাজ চলমান রয়েছে। যেখানে যেখানে পরিবেশগতভাবে উপযোগী স্থান পাওয়া যাবে, সেখানে বৃক্ষরোপণ করা হবে। একই সঙ্গে গাছের চারা রোপণের পর নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে চারাগুলো সুস্থভাবে বেড়ে উঠতে পারে।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খানসহ সিসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সিসিক প্রশাসক বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পরিবেশ সংরক্ষণে সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin