ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা
নুরুজ্জামান (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের খাইরগাঁও (রামপুর) কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মৌলভী কবির আহমদকে দীর্ঘ ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তি উপলক্ষে গ্রামবাসীর পক্ষ থেকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ১২ জুন, শুক্রবার বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে গ্রামবাসীর উদ্যোগে বিদায়ী সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবীণ মুরব্বি নুরুল আমিনের সভাপতিত্বে এবং আব্দুল লতিফ ও ফারুক আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সালেহ আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ রাহাত আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ ছাতকের কৃতি সন্তান ও পালপুর জালালিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা শাহাব উদ্দিন সালেহী। এ সময় রামপুর, কল্যাণপুর, জটি, পালপুর, মুক্তারপুরসহ পার্শ্ববর্তী এলাকার অসংখ্য মুসল্লি, আলেম-ওলামা, ইমাম-খতিব এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মৌলভী কবির আহমদ বলেন, দীর্ঘ ৪৪ বছরের ইমামতি জীবনে তিনি শুধু রামপুর নয়, পার্শ্ববর্তী প্রায় ২০টি গ্রামের মানুষের অকৃত্রিম ভালোবাসা, সম্মান ও সহযোগিতা পেয়েছেন। জীবনের কঠিন সময়ে এলাকাবাসী তাঁর পাশে দাঁড়িয়েছে, চিকিৎসা ব্যয় বহন করেছে এবং ওমরা পালনের সুযোগ করে দিয়েছে। এ ভালোবাসা তিনি কোনোদিন ভুলতে পারবেন না। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহাব উদ্দিন সালেহী বলেন, মানুষের হৃদয়ে ভালোবাসা ও সম্মান অর্জনই একজন ইমামের প্রকৃত সফলতা। তিনি মৌলভী কবির আহমদের দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের দ্বীনি খেদমত, সততা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে গ্রামবাসীর পক্ষ থেকে বিদায়ী সম্মাননা হিসেবে মৌলভী কবির আহমদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। পরে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রামপুর গ্রামবাসী ও প্রবাসীদের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লি ও গ্রামবাসী বিদায়ী ইমাম ও খতিব মৌলভী কবির আহমদকে গাড়িযোগে তাঁর নিজ বাড়িতে পৌঁছে দেন। #
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin