টিকটকের প্রেমে সুনামগঞ্জে এসে বিপাকে কিশোরী, উদ্ধার করে পুলিশ হেফাজতে
নুরুজ্জামান (সুনামগঞ্জ) প্রতিনিধি:: টিকটকের মাধ্যমে গড়ে ওঠা প্রেমের টানে ঘর ছেড়ে সুনামগঞ্জে এসে চরম বিপাকে পড়েছে ১৫ বছরের এক কিশোরী। তবে স্থানীয় এক রিকশাচালকের সচেতনতায় ওই কিশোরীকে উদ্ধার করে বর্তমানে নিজেদের হেফাজতে নিরাপদ রেখেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।
উদ্ধার হওয়া কিশোরীর নাম মোছাঃ সুরাইয়া আক্তার (১৫)। সে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার বামুনিয়া পাড়িয়া গ্রামের তরিকুল ইসলাম ও শাহানা খাতুন দম্পতির মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের (TikTok) সূত্রে সুনামগঞ্জের এক যুবকের সাথে সুরাইয়ার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমের টানেই পরিবারের অজান্তে ঘর ছাড়ে সে। দূরদূরান্ত পাড়ি দিয়ে সুরাইয়া সুনামগঞ্জে পৌঁছালেও বিপত্তি ঘটে সেখানে গিয়ে। সুনামগঞ্জে আসার পর তার কথিত প্রেমিক মোবাইল ফোন বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
কোনো উপায় না দেখে রাতে আশ্রয়ের খোঁজে এক রিকশাচালকের শরণাপন্ন হয় সুরাইয়া। ওই রিকশাচালক তাকে নিজের বাড়িতে আশ্রয় দিলেও বিষয়টি তার কাছে সন্দেহজনক মনে হয়। পরে তিনি স্থানীয় লোকজনকে সাথে নিয়ে কিশোরীটিকে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে যান এবং পুলিশের কাছে হস্তান্তর করেন।
সুনামগঞ্জ সদর থানা পুলিশ জানায়: কিশোরীটি বর্তমানে থানা হেফাজতে সম্পূর্ণ নিরাপদ রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রকৃত অভিভাবকদের সাথে যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে।
যদি কোনো ব্যক্তি এই কিশোরীর পরিবার বা আত্মীয়-স্বজনের সন্ধান জেনে থাকেন, তবে অবিলম্বে কিশোরীর দেওয়া মোবাইল নম্বরে (০১৩২০৪৮০৭৭২) অথবা নিকটস্থ থানা বা সুনামগঞ্জ সদর থানায় যোগাযোগ করে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin