সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, জলবায়ু সংকট মোকাবিলায় ১০ দফা দাবি।
সুনামগঞ্জ প্রতিনিধি:: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সুনামগঞ্জে নাগরিক সমাবেশ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (৫ জুন) শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে হাওর ও নদী রক্ষা আন্দোলন, সুনামগঞ্জ এবং এসভিডিএস-এর যৌথ উদ্যোগে, সহযোগী সংস্থা এএলআরডি-এর সহায়তায় নাগরিক সমাবেশ শেষে বিভিন্ন প্রজাতির বৃক্ষ বিতরণ করা হয়।হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি মো. রাজু আহমেদ-এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও এসভিডিএস-এর নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক মিলন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ধারণাপত্র পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি ওবায়দুল মুন্সী।সমাবেশে বক্তব্য দেন সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম মজনু, শাহ কামাল, সুহেল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দীন, আকিক মিয়া, ফজলে রাব্বি, মোশফিকুর রহমান, সমাজসেবক মনসুর আলম, নুরুল হাসান আতাহার, সুরঞ্জিত গুপ্ত রঞ্জনু, দ্বিপাল ভট্টাচার্য, এবং শান্তিগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব আহমদ উসমান প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলনের স্মরণে প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। ১৯৭৪ সালে প্রথমবারের মতো দিবসটির আনুষ্ঠানিক উদযাপন শুরু হয়।তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ঘনঘন বন্যা, খরা, ঘূর্ণিঝড়, অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দেশের অর্থনীতি, কৃষি ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের পাশাপাশি জলবায়ু সহিষ্ণু ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।আলোচনা শেষে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন ১০ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে নদী দূষণ ও দখলমুক্ত করা, বন উজাড় বন্ধ, হাওর ও জলাভূমি সংরক্ষণ, শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, পানি সংরক্ষণ, উপকূলীয় ও অন্যান্য বন রক্ষা, পরিবেশবিধ্বংসী কার্যক্রম বন্ধ, প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণ, টাঙ্গুয়ার হাওরসহ সকল হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং হাওরভিত্তিক পর্যটনের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি।সমাবেশ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়। #
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin