দূরপাল্লার বাসে যাত্রীবেশে মাদক পাচারের চেষ্টা নস্যাৎ করল চুনারুঘাট থানা পুলিশ,উদ্ধারকৃত আলামতের মূল্য প্রায় ২ লাখ টাকা
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের এক বিশেষ অভিযানে ঢাকাগামী একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে ১০০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক জাতীয় ‘এসকাফ’ (ESkuf) সিরাপসহ মোঃ নাজমুল হোসাইন নাহিদ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত এই তরল মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা। গত মঙ্গলবার (২০ মে, ২০২৬) দিবাগত গভীর রাতে চুনারুঘাট থানাধীন ০৭নং উবাহাটা ইউনিয়নের নতুনব্রীজ গোলচত্ত্বর হাইওয়ে এলাকায় একটি জরুরি চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমুল হোসাইন নাহিদ সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের (৬নং ওয়ার্ড) পাড়ুয়া বটেরতল গ্রামের মোঃ মস্তফার ছেলে। তার মায়ের নাম মোছাঃ নেওয়ারুন নেছা। সূত্রে জানা যায়, চুনারুঘাট থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ তারেক নাজিরের নেতৃত্বে পিএসআই সাইফুল ইসলাম, কনস্টেবল পাম্পু বড়ুয়া ও কনস্টেবল হাফিজুর রহমানসহ পুলিশের একটি টিম মঙ্গলবার রাতে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি করছিলেন। রাত ১১:৫০ ঘটিকায় শ্রীকুটা বাজার এলাকায় অবস্থানকালে তারা গোপন সূত্রে জানতে পারেন যে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এমআর পরিবহন’ (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১২-৪৪৪৪) নামের একটি বাসে করে কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রীবেশে বিপুল পরিমাণ অবৈধ মাদক নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। তাত্ক্ষণিকভাবে বিষয়টি চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলামকে অবহিত করা হলে তাঁর নির্দেশনায় পুলিশের বিশেষ নৈশকালীন ডিউটি টিমসহ সিএনজি যোগে রাত ১২:১০ ঘটিকায় নতুনব্রীজ গোলচত্ত্বর হাইওয়েতে একটি জরুরি চেকপোস্ট বসানো হয়। পরবর্তীতে রাত ১২:৪১ ঘটিকায় উক্ত দূরপাল্লার বাসটি চেকপোস্টে এলে পুলিশ বাসটি থামিয়ে তল্লাশি শুরু করে। বাসের চালক, সুপারভাইজার ও সাধারণ যাত্রীদের উপস্থিতিতে তল্লাশিকালে বাসের যাত্রী নাজমুল হোসাইন নাহিদের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার হেফাজতে থাকা একটি রেক্সিন কাপড়ের ব্যাগ তল্লাশি করে ভেতরে বিশেষভাবে রাখা ১০০ বোতল অবৈধ কোডিন ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড যুক্ত ভারতীয় 'ESkuf' কাফ সিরাপ উদ্ধার করা হয়। যার প্রতি বোতলে ১০০ এমএল করে মোট ১০ লিটার তরল মাদক ছিল। পুলিশ রাত ১:৩০ ঘটিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষরসহ এই মাদকদ্রব্য জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি পুলিশকে জানায়, সে দীর্ঘদিন ধরে আরও ২/৩ জন অজ্ঞাতনামা সহযোগীর সহায়তায় সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম মূল্যে এই মাদকদ্রব্য চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় চড়া দামে বিক্রি করে আসছিল। চুনারুঘাট থানা পুলিশ জানায়, বাদীর টাইপকৃত লিখিত এজাহারের প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ) এবং ৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত পলাতক বাকি আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আজ (২১ মে) বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে প্রেরণ করা হবে। মামলার পরবর্তী তদন্তভার গ্রহণ করবেন পুলিশ পরিদর্শক (তদন্ত)।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin