টিলাগড়ে ‘রঙ বদলানো’ সাদ্দামের দাপট: কখনো পুলিশের সোর্স, কখনো রাজনৈতিক ছত্রছায়া—আতঙ্কে মিরাপাড়ার বাসিন্দারা
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর টিলাগড় মিরাপাড়া এলাকায় রাশেদ আহমেদ সাদ্দামকে ঘিরে দিন দিন বাড়ছে জনঅসন্তোষ, উদ্বেগ ও আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিচয় বদলে এলাকায় আধিপত্য বিস্তার, ভয়ভীতি প্রদর্শন, ভূমি দখলের অপচেষ্টা এবং প্রভাব খাটানোই যেন তার মূল কর্মকাণ্ডে পরিণত হয়েছে। এলাকাবাসীর ভাষায়, “যে দল ক্ষমতায়, সাদ্দাম সেই দলের লোক”—এমন মন্তব্য এখন স্থানীয়দের মুখে মুখে।স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, অতীতে আওয়ামী রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত থাকা সাদ্দাম বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে এলাকায় নতুন প্রভাব বলয় তৈরির চেষ্টা চালাচ্ছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন মহলে নিজের অবস্থান জাহির করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, জমিজমা সংক্রান্ত বিরোধে প্রভাব বিস্তার এবং সামাজিকভাবে এক ধরনের অঘোষিত চাপ সৃষ্টি করছে সে ও তার অনুসারীরা।এলাকাবাসীর অনেকেই অভিযোগ করেন, সাদ্দাম নিজেকে কখনো শাহপরান থানা পুলিশের “সোর্স”, কখনো কোনো এসআইয়ের ঘনিষ্ঠ বন্ধু পরিচয় দিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করে। স্থানীয়দের ভাষ্যমতে, এসব পরিচয় ব্যবহার করে সে এলাকায় এক ধরনের ভয় ও বিভ্রান্তির পরিবেশ তৈরি করেছে। অনেকেই তাকে “থানার দালাল” হিসেবেও চিহ্নিত করেন বলে জানা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, “সাদ্দাম এখন টিলাগড়-মিরাপাড়ার জন্য এক সামাজিক ক্যান্সারে পরিণত হয়েছে। তার কারণে এলাকায় অস্থিরতা, বিভক্তি ও আতঙ্ক বাড়ছে। কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে চাপে ফেলার চেষ্টা করা হয়।”
অভিযোগ রয়েছে, প্রবাসীদের সম্পত্তি দখলচেষ্টা, জাল কাগজপত্র তৈরি, বিতর্কিত নামজারি এবং সীমানা নির্ধারণে অসঙ্গতি সৃষ্টি করেও এলাকায় আলোচনায় এসেছে এই চক্র। সংশ্লিষ্ট ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।সচেতন মহলের মতে, রাজনৈতিক ছত্রছায়া কিংবা প্রশাসনিক পরিচয়ের অপব্যবহার করে কোনো ব্যক্তি যদি এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করে, তবে তা শুধু আইনশৃঙ্খলার জন্য নয়, সামাজিক নিরাপত্তার জন্যও বড় হুমকি। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এদিকে স্থানীয়দের প্রশ্ন—আইনের চোখ ফাঁকি দিয়ে কতদিন চলবে এই প্রভাব বিস্তার ও দাপটের রাজনীতি? টিলাগড়-মিরাপাড়ার সাধারণ মানুষ এখন প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও স্থায়ী সমাধান প্রত্যাশা করছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin