সহজলভ্য মাদক: ধ্বংসের পথে যুবসমাজ, সামনে আশঙ্কার কালো ছায়া
জৈন্তাপুর ( সিলেট) প্রতিনিধি:: জৈন্তাপুরের বিভিন্ন স্থানে আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকের সহজলভ্যতা। হাতের নাগালেই মিলছে নানা ধরনের মাদকদ্রব্য, যা তরুণ প্রজন্মকে দ্রুত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।
সম্প্রতি দেখা যাচ্ছে, অনেক তরুণ মাদককে “স্টাইল” বা “ভাব” হিসেবে উপস্থাপন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি তুলে তা প্রদর্শনের প্রবণতাও বাড়ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি সাময়িক আনন্দ বা বাহাদুরি মনে হলেও এর পরিণতি ভয়াবহ।
তাদের মতে, মাদকের কড়াল গ্রাসে পড়ে একদিকে যেমন যুবসমাজ তাদের কর্মক্ষমতা হারাচ্ছে, অন্যদিকে পরিবার ও সমাজে সৃষ্টি হচ্ছে অস্থিরতা। বাড়ছে অপরাধ প্রবণতা, নষ্ট হচ্ছে শিক্ষাজীবন এবং নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে স্পষ্টভাবে।
সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। তাই আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের ভাষ্য, “এখনই সময় প্রতিরোধ গড়ে তোলার, নইলে একটি পুরো প্রজন্ম হারিয়ে যেতে পারে মাদকের ছোবলে।