সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : আঞ্চলিক তথ্য অফিস, সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক এক অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর।
উদ্বোধনী বক্তব্যে প্রধান তথ্য অফিসার সকল গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলেন, সুষ্ঠ নির্বাচন আয়োজনের জন্য সকলেই আন্তরিকতার সাথে কাজ করেছেন। আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টার কারণে সরকার জাতিকে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠ নির্বাচন উপহার দিতে পেরেছে।
তথ্য অধিদফতর সরকারের মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা অত্যন্ত বেশি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকারের দীর্ঘমেয়াদি, মধ্যমেয়াদি ও স্বল্পমেয়াদি পরিকল্পনার আলোকে প্রচার কার্যক্রম পরিচালনা করতে হবে। নির্বাচন-পরবর্তী সময়ে আমাদের দায়িত্ব ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পেয়েছে। সরকারের উন্নয়ন কার্যক্রম ও অগ্রগতি সাধারণ মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের আন্তরিকতার মাধ্যমে প্রচার কার্যক্রম এগিয়ে নিতে হবে এবং সরকারের গুরুত্বপূর্ণ প্রচার মাধ্যম হিসেবে যথাযথ ভূমিকা রাখতে হবে।
উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘সরকারের উন্নয়ন প্রচার কার্যক্রম বাস্তবায়নে চ্যালেঞ্জ ও নিউ মিডিয়ার ব্যবহার’ বিষয়ে আলোচনা করেন অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী।