আগামী রাষ্ট্র নেতৃত্বে যারা আসবে তাদেরকে অবশ্যই দেশ প্রেমিক হতে হবে- গোলাপগঞ্জে বিভাগীয় কমিশনার
কামাল খান :: বৃহস্পতিবার উপজেলার সরকারি এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এর যৌথ উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষেসিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, বিগত সময় দেখেছি ভোট কেন্দ্রে সিল মারার মহোৎসব চলেছে, দিনের ভোট রাতে হয়েছে, ভোটকেন্দ্রে প্রবেশ করে একশো জনের ভোট একজন দিয়ে দিচ্ছে, এই যে বাটপারতন্ত্র, এই বাটপারতন্ত্র একেবারে ধ্বংস করে ফেলতে হবে। দেশ ঠিক করতে চাইলে বাটপারতন্ত্রকে ধ্বংস করতে হবে, এর কোন বিকল্প নাই।
প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ দেশটা কোন দুর্বৃত্তের জায়গা নয়, দেশটা হলো ভালো মানুষের জায়গা। ভালো মানুষের সমাজ আমরা তৈরি করতে পারিনি এজন্য দেশটা ধুঁকে ধুঁকে চলছে। ৫৪/৫৫ বছর থেকে বলতে গেলে প্রতিবন্ধী মানুষের মতো চলছে দেশটা। এই প্রতিবন্ধিতা মুক্ত করতে হবে, রাষ্ট্রকে দুর্বৃত্ত মুক্ত করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে, অপশাসন, দুঃশাসন মুক্ত করতে হবে। একটি ভালো মানুষের সমাজ, একটি ন্যায়সঙ্গত সমাজ, একটি কল্যাণ রাষ্ট্র এবং একটি অধিকারের রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নেতৃত্বে যদি বাটপার আসে তাহলে সেখানে ভালো কাজ করা কঠিন। সুতরাং রাষ্ট্র ব্যবস্থায় যারা নেতৃত্বে আসবেন তাদেরকে অবশ্যই পরিশীলিত, সৎ এবং দেশপ্রেমিক হতে হবে। গড ফাদার মুক্ত সমাজ এবং গড ফাদার মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় তিনি ভোট কেন্দ্রে করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে প্রিজাইডিং অফিসারদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও সুষ্টুভাবে ভোট গ্রহণে সবার সহযোগিতা কামনা করেন।
এর আগে বৃহস্পতিবার সকালে গোলাপগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন তিনি। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে থানা প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এসময় তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন এবং জনবান্ধব পুলিশী সেবা প্রদানের জন্য নির্দেশনা দেন। পরে গোলাপগঞ্জ পৌর এলাকার ঘোগারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজ খবর নেন এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।
দিনব্যাপী এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) শাহ আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন আহমদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আরমান ভূইয়া প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin