সিলেট এমএজি ওসমানী মেডিকেলে হিমোফিলিয়া রোগীদের জীবন ঝুঁকিতে: সরকারি ইনজেকশন বণ্টনে সিন্ডিকেটের অভিযোগ
বিষয় প্রতিবেদক:: সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হিমোফিলিয়া রোগীদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত জীবনরক্ষাকারী ইনজেকশন বণ্টনে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রোগীদের দাবি, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ, সিলেট শাখার সভাপতি মো. ইসমাইল আলীর নিয়ন্ত্রণে একটি সিন্ডিকেটের মাধ্যমে এই ইনজেকশন বিতরণ করা হচ্ছে।
রোগীদের অভিযোগ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ইনজেকশন প্রেসক্রিপশনে লিখে দেওয়ার পরও অনেক রোগী ইনজেকশন পাচ্ছেন না। তাদের দাবি, মো. ইসমাইল আলী হাসপাতাল কর্তৃপক্ষকে না বললে কখনো ইনজেকশন সরবরাহ করা হয় না। অথচ তিনি নিজের ব্যক্তিগত পরিচিত ও ঘনিষ্ঠদের জন্য নিয়মিত ইনজেকশনের ব্যবস্থা করে দেন।
একাধিক হিমোফিলিয়া রোগী জানান, ইনজেকশনের জন্য ফোন করলে মো. ইসমাইল আলী তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ইনজেকশন না পাওয়ায় অনেক রোগী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকদের মতে, হিমোফিলিয়া রোগে অতিরিক্ত রক্তক্ষরণ হলে রোগীর মৃত্যুঝুঁকি অত্যন্ত বেশি।
রোগীদের অভিযোগ, একটি ব্যক্তিকেন্দ্রিক নিয়ন্ত্রণের কারণে সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা কার্যত জিম্মি হয়ে পড়েছে। বিষয়টি জেনেও সংশ্লিষ্ট হাসপাতাল প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে মো. ইসমাইল আলীর বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগীরা দ্রুত নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইনজেকশন বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।